হাসান মোর্শেদ, দীঘিনালা:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খাগড়াছড়ির দীঘিনালায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) সকালে কবাখালী ইউনিয়ন বিএনপি এবং বাদ মাগরিব বোয়ালখালী নতুন বাজার পরিচালনা কমিটি ও সাধারণ ব্যবসায়ীদের উদ্যোগে পৃথক পৃথক এই স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ আবছার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার প্রতীক। তিনি আজীবন দেশের মানুষের অধিকার রক্ষায় আপসহীন সংগ্রাম করে গেছেন।”
তিনি মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর আদর্শ অনুসরণ করে দেশ ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সুমন মিয়া। এছাড়াও দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
পৃথক পৃথক অনুষ্ঠানে কবাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক সহ বোয়ালখালী নতুন বাজার পরিচালনা কমিটির সভাপতি সুভাষ সাহা, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলামসহ বাজারের সাধারণ ব্যবসায়ীরাও এ সময় উপস্থিত ছিলেন।
দোয়া শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি কামনা করা হয়।