নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ির পৌর সদরের কলাবাগানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় আগুন লেগে আহত হয়েছেন নুরুল আলম নামে এক বাড়ি ওয়ালা। বর্তমানে তিনি খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে জানা গেছে।
আগুন লাগার খবর পেয়ে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট এবং স্থানীয়রা সম্মিলিতভাবে আগুন নেভাতে এগিয়ে আসেন। তবে ইতোমধ্যেই ঘরের সবকিছু পুড়ে যায়।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ পরিচালক বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত রওয়ানা দেই। তবে শহরের নারিকেল বাগান পৌঁছলে যানজটের কবলে পড়ি। তখন সামনে একটি রাজনৈতিক দলের র্যালি চলছিল। সেখানে আমরা কিছুক্ষণ আটকা পড়ি। দুর্যোগকালীন বা জরুরি সেবার বিষয়টি সবার মাথায় রাখা উচিত। আর এ আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বলে প্রাথমিকভাবে জানা গেছে।’
খাগড়াছড়ি সদর থানার সাব ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত ওসি) মো. সুলতান মাহমুদ সাকিব বলেন, ‘কলাবাগানে ৪টি বসতঘর পুড়ে গেছে। আমরা সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। আমরা আরও তদন্ত করে আগুন লাগার মূল কারণ বের করার চেষ্টা করছি।’