1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
চিকিৎসা সুবিধাবঞ্চিত এলাকায় সেনাবাহিনীর মানবিক সেবা: দীঘিনালার মেরুংয়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেল চার শতাধিক মানুষ - আলোকিত খাগড়াছড়ি

চিকিৎসা সুবিধাবঞ্চিত এলাকায় সেনাবাহিনীর মানবিক সেবা: দীঘিনালার মেরুংয়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেল চার শতাধিক মানুষ

  • প্রকাশিতঃ বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে
হাসান মোর্শেদ, দীঘিনালা:
খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার চিকিৎসা সুবিধাবঞ্চিত ১নং মেরুং ইউনিয়নে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে দীঘিনালা সেনা জোন ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট (দি বেবি টাইগার্স)-এর আয়োজনে মেরুং উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী একটি বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন’র নির্দেশনায় আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত চার শতাধিক নারী, পুরুষ, শিশু ও প্রবীণ রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।
মেডিকেল ক্যাম্পের সার্বিক নেতৃত্ব ও তত্ত্বাবধানে ছিলেন দীঘিনালা জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন মু: শায়খউদ্দীন সাকলাইন। তিনি রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ প্রদান এবং ওষুধ বিতরণ কার্যক্রম সরাসরি তদারকি করেন।
এ বিষয়ে ক্যাপ্টেন মু: শায়খউদ্দীন সাকলাইন বলেন, “মেরুং ইউনিয়নের মানুষ আধুনিক চিকিৎসা সুবিধা থেকে অনেকাংশে বঞ্চিত। প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত এ ধরনের মেডিকেল ক্যাম্পের আয়োজন করে আসছে। ভবিষ্যতেও আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
চিকিৎসা নিতে আসা স্থানীয় বাসিন্দা প্রিয় লাল চাকমা (৫৫) বলেন,“দীর্ঘদিন ধরে হাঁটু ও বুকের ব্যথায় ভুগছিলাম। আজ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে অনেক উপকার হয়েছে। সেনাবাহিনীকে আন্তরিক ধন্যবাদ।”
আরেক সেবাগ্রহীতা মনোয়ারা বেগম (৪৬) বলেন, “আমাদের এলাকায় অসুস্থ হলে ভালো চিকিৎসা পাওয়া কঠিন। আজকের এই মেডিকেল ক্যাম্প আমাদের জন্য আশীর্বাদের মতো। এ ধরনের উদ্যোগ নিয়মিত হলে আমরা আরও উপকৃত হব।”
স্থানীয় জনগণ সেনাবাহিনীর এই জনকল্যাণমূলক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এ ধরনের কার্যক্রম এলাকার মানুষের স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ