নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ির গুইমারায় গত বছরের সহিংসতার বর্ষপূর্তিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে পুনর্বাসন সহায়তা বিতরণ, শিক্ষাসামগ্রী প্রদান এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বুধবার সকালে গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এই কর্মসূচি বাস্তবায়িত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভুঁইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা খাগড়াছড়ি জেলা প্রশাসক আনোয়ার সাদাত, সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল কাজী নেহাত ফয়সাল, লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল খান সজিবুল ইসলাম, পুলিশ সুপার মোরতোজা আলী খানসহ সামরিক ও বেসামরিক প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা।
কর্মসূচির অংশ হিসেবে সহিংসতায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দোকান ঘর নির্মাণ সামগ্রী, শারীরিক প্রতিবন্ধীদের চলাচলের সুবিধার্থে হুইল চেয়ার, এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে সোলার ল্যাম্প পোস্ট এবং স্থানীয় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়া এলাকার বেকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মাসব্যাপী বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ সম্পন্নকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একই সাথে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি দিনব্যাপী মেডিকেল ক্যাম্প পরিচালনা করে স্থানীয়দের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া এমপি আঞ্চলিক রাজনৈতিক দলগুলোকে সহিংসতা ও সংঘাতের পথ পরিহার করে সহনশীল হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘পাহাড়ের শান্তি ও সম্প্রীতি রক্ষায় আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পার্বত্য অঞ্চলে বসবাসরত সকল জনগোষ্ঠীকে যতক্ষণ পর্যন্ত মূল স্রোতধারায় আনা না যাবে, ততক্ষণ পর্যন্ত এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও টেকসই উন্নয়ন সম্ভব নয়। হঠকারী সিদ্ধান্ত ও সহিংসতা কেবল সাধারণ মানুষের দুর্ভোগই বাড়ায়। তাই সকল বিভেদ ভুলে আলোচনার মাধ্যমে পার্বত্য অঞ্চলের সমস্যা সমাধানের পথে এগিয়ে আসতে হবে।’
উল্লেখ্য, গত বছর এই দিনে গুইমারার রামসু বাজারে সংঘটিত সহিংসতায় ৩ জন নিহত হন। সে সময় সেনাবাহিনী, পুলিশ ও সাংবাদিকসহ অর্ধশত ব্যক্তি আহত হন এবং ব্যাপক বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।