নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালায় প্রান্তিক কৃষকদের জীবনমান উন্নয়ন ও সরাসরি সরকারি সহায়তা পৌঁছে দিতে ২ হাজার ৩০০ জন কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার ছোট মেরুং উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি।
উপজেলার মেরুং ইউনিয়নের মেরুং কৃষি ব্লকের নিবন্ধিত প্রান্তিক কৃষকদের মাঝে এই কার্ড বিতরণ করা হয়।
খাগড়াছড়ি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে জেলার ৯টি উপজেলার মোট ১২ হাজার ৯১৬ জন কৃষককে এই কার্ডের আওতায় আনা হচ্ছে। উদ্বোধনী দিনে কার্ডপ্রাপ্ত প্রতিটি কৃষককে আড়াই হাজার (২,৫০০) টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
ছোট মেরুং উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত উপস্থিত থেকে সরাসরি কৃষকদের হাতে কৃষক কার্ড ও নগদ অর্থ তুলে দেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান, খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য এম এন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু এবং অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু। এছাড়া দীঘিনালা উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।