পার্বত্য অঞ্চলের প্রান্তিক খামারিদের দক্ষতা বৃদ্ধি, প্রাণিসম্পদের রোগ প্রতিরোধ এবং সঠিক পরিচর্যা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের লক্ষীছড়ি জোনের উদ্যোগে বার্মাছড়ি আর্মি ক্যাম্পে প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার( ৯ নভেম্বর) অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন লক্ষীছড়ি জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর নাহিয়ান ইমতিয়াজ। এ সময় উপস্থিত ছিলেন বার্মাছড়ি আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাহরিয়ার আলম , উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডা. মো. শফিউল ইসলাম, সহকারী ত্রিপণ চাকমা এবং বার্মাছড়ি ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রশিক্ষণে দুর্গম বার্মাছড়ি ইউনিয়নের প্রান্তিক খামারিরা অংশগ্রহণ করেন। এতে গবাদিপশু, ছাগল, হাঁস-মুরগি ও শূকর পালন, সাধারণ রোগ শনাক্তকরণ, রোগ প্রতিরোধ, টিকাদান, কৃমিনাশক ওষুধের ব্যবহার, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং অসুস্থ প্রাণীর প্রাথমিক পরিচর্যা সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী খামারিদের মধ্যে প্রয়োজনীয় পশু-পাখির ওষুধ বিতরণ করা হয়। এ উদ্যোগের মাধ্যমে প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি, পশু-পাখির মৃত্যুহার হ্রাস এবং পারিবারিক আয় বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, স্থানীয় জনগোষ্ঠীর স্বাবলম্বিতা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় গুইমারা রিজিয়নের লক্ষীছড়ি জোনের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।