1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
দীঘিনালার দুর্গম গ্রামে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেছে সেনাবাহিনী - আলোকিত খাগড়াছড়ি

দীঘিনালার দুর্গম গ্রামে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেছে সেনাবাহিনী

  • প্রকাশিতঃ সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে
হাসান মোর্শেদ, দীঘিনালা:
খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার প্রত্যন্ত ও চিকিৎসা সুবিধাবঞ্চিত এলাকায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে দীঘিনালা সেনা জোনের উদ্যোগে ০৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের (দি বেবি টাইগার্স) আয়োজনে উপজেলার কবাখালি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দুর্গম পাবলাখালী কৃপাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত চলা এ ক্যাম্পে তিন শতাধিক নারী, পুরুষ, শিশু ও প্রবীণ রোগী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।
দিনব্যাপী এ কার্যক্রমে নেতৃত্ব দেন দীঘিনালা জোনের মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন রাকিবুল ইসলাম। তিনি রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও ওষুধ বিতরণের পাশাপাশি সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করেন।
চিকিৎসা নিতে আসা স্থানীয় বাসিন্দা নন্দন চাকমা (৫৫) বলেন, “আমি দীর্ঘদিন ধরে হাঁটু ও বুকের ব্যথায় কষ্ট পাচ্ছিলাম। আজ ডাক্তার দেখিয়ে বিনামূল্যে ওষুধ পেলাম। আশা করি এতে উপকার হবে। সেনাবাহিনীকে আন্তরিক ধন্যবাদ জানাই।”
আরেকজন সেবাগ্রহীতা লক্ষ্মী চাকমা বলেন,
“আগে অসুস্থ হলে চিকিৎসার ভালো সুযোগ পেতাম না। আজকের এই ক্যাম্প আমার মতো অনেকের জন্য আশীর্বাদের মতো। সেনাবাহিনী যদি নিয়মিত এমন আয়োজন করে, আমরা আরও বেশি উপকৃত হব।”
স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর সদস্যরা সেনাবাহিনীর এই জনকল্যাণমূলক পদক্ষেপকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এ উদ্যোগ দুর্গম পাহাড়ের মানুষের জীবনে নতুন স্বস্তি ও আশা জাগিয়েছে।
স্বাস্থ্যক্যাম্প সম্পর্কে ক্যাপ্টেন রাকিবুল ইসলাম বলেন, “দীঘিনালা জোনের কৃপাপুর এলাকা অন্যতম দুর্গম অঞ্চল। এখানকার মানুষ আধুনিক চিকিৎসা থেকে অনেকটাই বঞ্চিত। সেনাবাহিনী নিয়মিত এ ধরনের মেডিকেল ক্যাম্পের আয়োজন করছে, যাতে প্রান্তিক জনগণ ঘরের কাছেই প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পেতে পারে। আমাদের এই মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ