হাসান মোর্শেদ, দিঘীনালা:
খাগড়াছড়ির দীঘিনালায় ব্যতিক্রমী উদ্যোগে বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একযোগে শিক্ষার্থীদের বরণ, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় শুরু হওয়া বিভিন্ন আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর পরিবেশে ভরে ওঠে। শিশুদের আনন্দ দিতে নানান আয়োজনের পাশাপাশি গ্রামবাংলার ঐতিহ্যবাহী ও হারিয়ে যেতে বসা বিভিন্ন ধরনের পিঠার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায় শিক্ষার্থীরা। তারা পিঠার স্বাদ গ্রহণ করে আনন্দঘন সময় কাটায়।
এ সময় অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অফিসার উপস্থিত ছিলেন। তিনি এমন ব্যতিক্রমী ও শিক্ষামূলক উদ্যোগের প্রশংসা করেন এবং শিশুদের মানসিক বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম বদিউজ্জামান বলেন, ‘শিশুদের জন্য একটি ব্যতিক্রমধর্মী আয়োজনের মাধ্যমে তাদের বরণ করার চেষ্টা করেছি। এর মাধ্যমে শিশুরা আনন্দ পেয়েছে এবং হারিয়ে যাওয়া নানা ধরনের পিঠা সম্পর্কে জানতে পেরেছে ও স্বাদ গ্রহণের সুযোগ পেয়েছে।’
অনুষ্ঠানে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। এছাড়াও বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষসহ শিক্ষার্থীদের অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে পিঠা উৎসবে অংশ নেন। অনেক অভিভাবক নিজ হাতে তৈরি পিঠা নিয়ে আসেন। প্রতিটি শ্রেণি অনুযায়ী আলাদা আলাদা পিঠার স্টল সাজানো হয়, যা উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে।
এছাড়াও আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের আনন্দ আরও বাড়িয়ে দেওয়া হয়। এমন ব্যতিক্রমী ও শিক্ষামূলক আয়োজন শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।