নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলা সদরের ভুয়াছড়িতে ভূমির মালিকানা দাবি করা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মো. আব্দুর রশিদ ও মো. আলা আমিন। এর মধ্যে আলা আমিনকে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়।
তবে পুলিশ বলছে যে ভূমির জন্য মারামারি হয়েছে- কাগজপত্র যাচাই করে দেখা গেছে, উভয় পক্ষের দাবিকৃত জমির দাগ ও চৌহদ্দির মধ্যে কোনো মিল নেই। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
এদিকে এ ঘটনায় দুই পক্ষ থেকেই পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মংশিতু মারমা বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০–২৫ জনকে আসামি করেন।
অপরদিকে মোছা. খাদিজা ৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। খাদিজার মামলার এজাহারভুক্ত আসামিরা ইতোমধ্যে জামিন পেয়েছেন।
খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ কায় কিসলু জানান, সদর উপজেলার কমলছড়ি এলাকায় একটি জমি আগুন দিয়ে পরিষ্কার করার সময় মালিকানা দাবি নিয়ে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ছয়জন আহত হন। আহতদের মধ্যে মো. আব্দুল বশির চট্টগ্রাম সামরিক হাসপাতালে এবং বিমল কান্তি ত্রিপুরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।