হাসান মোর্শেদ, দীঘিনালা:
খাগড়াছড়ির দীঘিনালায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সহায়তায় শীতার্ত ও প্রান্তিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে যুব রেডক্রিসেন্ট দীঘিনালা উপজেলা দল।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি রেডক্রিসেন্ট ইউনিটের আওতাধীন যুব রেডক্রিসেন্ট দীঘিনালা উপজেলা দলের উদ্যোগে দীঘিনালা উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে ৪০ জন অসহায় ও প্রান্তিক মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মো. তানজিল পারভেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি মো. আল-আমিন, দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম বদিউজ্জামাল জীবন এবং যুব রেডক্রিসেন্ট দীঘিনালা উপজেলা দলের সাবেক যুব প্রধান ও উপদেষ্টা হাসান মোর্শেদ রিফাত। এছাড়াও অনুষ্ঠানে যুব রেডক্রিসেন্টের সিনিয়র ও জুনিয়র সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. তানজিল পারভেজ বলেন, ‘বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বন্যা, দুর্যোগসহ বিভিন্ন মানবিক সংকটে সবসময় প্রান্তিক মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শীতার্ত মানুষের জন্য যুব রেডক্রিসেন্টের এই মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় বলেও তিনি মন্তব্য করেন।’
বিশেষ অতিথিদের বক্তব্যে দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি মো. আলামিন এবং যুব রেডক্রিসেন্টের উপদেষ্টা হাসান মোর্শেদ রিফাত প্রান্তিক পর্যায়ে রেডক্রিসেন্টের মানবিক কার্যক্রম তুলে ধরেন এবং শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের জন্য যুব রেডক্রিসেন্ট সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কম্বল পেয়ে উপকারভোগীরা বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির প্রতি কৃতজ্ঞতা জানান। পুরো কর্মসূচি জুড়ে এক আনন্দঘন ও মানবিক পরিবেশ বিরাজ করে।
অনুষ্ঠানের শেষে যুব রেডক্রিসেন্ট দীঘিনালা উপজেলা দলের দলনেতা মো. জাকির হোসেন উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন। তিনি বলেন,
“বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সহায়তায় শীত নিবারণের জন্য এটি আমাদের ক্ষুদ্র প্রয়াস। প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো মানবিক বিপর্যয়ে রেডক্রিসেন্ট সবসময় মানুষের পাশে থাকবে।”