1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে দীঘিনালায় সেনাবাহিনীর জোরালো মহড়া - আলোকিত খাগড়াছড়ি

নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে দীঘিনালায় সেনাবাহিনীর জোরালো মহড়া

  • প্রকাশিতঃ সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে
হাসান মোর্শেদ, দীঘিনালা:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি জোরদার করতে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের উদ্যোগে ব্যাপক নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ২টায় রসিক নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ মহড়ায় আইনশৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা প্রদর্শন করা হয়। বাস্তবভিত্তিক নানা অনুশীলনের মাধ্যমে নিরাপত্তা বাহিনীর সমন্বিত কার্যক্রম তুলে ধরা হয়।
মহড়া পরিদর্শন করেন খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। এ সময় উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. আল-আমিন, এসইউপি, পিএসসি; উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রূশাদ, পিএসসি এবং মেজর মো. তৌকির আহমেদ, এসইউপি, পিএসসি।
নির্বাচনী মহড়ায় দীঘিনালা জোনের ফোর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যরা ভোটকেন্দ্র সুরক্ষা, টহল পরিচালনা, বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জরুরি উদ্ধার কার্যক্রমের বিভিন্ন কৌশল উপস্থাপন করেন। এতে স্থানীয় প্রশাসনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সদস্যরা অংশ নিয়ে কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
দীঘিনালা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. আল-আমিন বলেন, “নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। এই মহড়া সেই প্রস্তুতিরই অংশ। সকল বাহিনী সর্বোচ্চ সতর্কতা ও পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে।”
স্থানীয় বাসিন্দারা মনে করেন, নিরাপত্তা বাহিনীর এ ধরনের দৃশ্যমান প্রস্তুতি ভোটারদের আস্থা বাড়াবে এবং নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ