বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
অধিকৃত পূর্ব জেরুজালেমের মসজিদ প্রাঙ্গণ থেকে আল-আকসা মসজিদের ইমাম শেখ মুহাম্মদ আলী আল-আব্বাসিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ।
ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার সূত্রের বরাত দিয়ে বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডন।
প্রতিবেদনে বলা হয়েছে, কোনও কারণ ছাড়াই সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আল-আকসা মসজিদের আঙিনার ভেতর থেকে শেখ আল-আব্বাসিকে আটক করে ইসরায়েলি বাহিনী।
এতে আরও বলা হয়েছে, ইসরাইলি বাহিনী আল-আকসা মসজিদ কমপ্লেক্সের ভেতর থেকে শেখ আল-আব্বাসিকে গ্রেপ্তার করে। তবে তাকে গ্রেপ্তারের কারণ বা তার বিরুদ্ধে নেওয়া আইনি ব্যবস্থা স্পষ্ট করেনি।
আল-আকসা মসজিদে ইসরাইলি তৎপরতা বৃদ্ধির বর্ণনা দিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা। যার মধ্যে রয়েছে ইমাম ও প্রচারকদের ওপর বিধিনিষেধ বৃদ্ধি, মুসল্লিদের প্রবেশের ওপর কঠোর নিয়ন্ত্রণ এবং কড়া পুলিশি সুরক্ষার মধ্যে বসতি স্থাপনকারীদের পরিদর্শন বৃদ্ধি।
প্রতিবেদন অনুসারে, জেরুজালেমের পুরাতন শহর এবং আল-আকসা প্রাঙ্গণের আশপাশে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে, ধর্মীয় ব্যক্তিত্ব এবং স্থানীয় কর্মীদের লক্ষ্য করে গ্রেপ্তার এবং নির্বাসনের আদেশের খবরও পাওয়া গেছে।
শেখ আল-আব্বাসির আটকের পরিস্থিতি সম্পর্কে ইসরাইলি কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো বিবৃতি জারি করেনি।