খাগড়াছড়ি প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে খাগড়াছড়ি-২৯৮ নং সংসদীয় আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকে জেলার ২০৩টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকেই নারী-পুরুষসহ বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার ভোটারদের সরব উপস্থিতিতে কেন্দ্রগুলোতে প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যায়।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৪ হাজার ১১৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮০ হাজার ২০৬ জন, নারী ভোটার ২ লাখ ৭৩ হাজার ৯০৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন। পাহাড়ি ও দুর্গম এলাকা সমন্বিত এ আসনে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
সকাল থেকে অধিকাংশ কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রতিটি কেন্দ্রে প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তারা দায়িত্বশীলভাবে কাজ করছেন এবং ভোটগ্রহণ কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে।
আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার, র্যাব ও অন্যান্য বাহিনীর সদস্যরা মাঠে সক্রিয় রয়েছেন। জেলা প্রশাসন জানিয়েছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুর্গম পাহাড়ি কেন্দ্রগুলোতেও সময়মতো নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে।
খাগড়াছড়ি-২৯৮ আসনে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ধানের শীষ প্রতীকে আবদুল ওয়াদুদ ভূঁইয়া, দাঁড়িপাল্লা প্রতীকে মো. ইয়াকুব আলী, ঘোড়া প্রতীকে ধর্ম জ্যোতি চাকমা এবং ফুটবল প্রতীকে সমিরণ দেওয়ানকে হেভিওয়েট প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে।
খাগড়াছড়ি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার সাদাত বলেন, “খাগড়াছড়ি-২৯৮ নং সংসদীয় আসনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলার ২০৩টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। দুর্গম পাহাড়ি এলাকাসহ প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম যথাসময়ে পৌঁছে দেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অত্যন্ত উৎসাহব্যঞ্জক। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রতিটি কেন্দ্র সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছে। আমরা আশা করছি, দিনের শেষ পর্যন্ত একই শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সক্ষম হব।”