1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
লক্ষ্মীছড়ির দুর্গম এলাকায় সোলার সিস্টেমে সুপেয় পানির সংকট দূর করলো সেনাবাহিনী - আলোকিত খাগড়াছড়ি

লক্ষ্মীছড়ির দুর্গম এলাকায় সোলার সিস্টেমে সুপেয় পানির সংকট দূর করলো সেনাবাহিনী

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার অত্যন্ত দুর্গম ও প্রান্তিক পাহাড়ি এলাকা বিনাজুড়িপাড়ায় দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসন হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে এবং বার্মাছড়ি আর্মি ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে সেখানে স্থাপন করা হয়েছে একটি আধুনিক সৌরশক্তি চালিত পানির পয়েন্ট (ট্যাংক)।
​মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে লক্ষ্মীছড়ি জোন কমান্ডার আনুষ্ঠানিকভাবে এই পানির পয়েন্টটি উদ্বোধন করেন। এ সময় বার্মাছড়ি আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন শাহরিয়ার, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুইসালা চৌধুরী, হেডম্যান, কারবারি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
​স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার অধিবাসীরা দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির তীব্র সংকটে ভুগছিলেন। বিশেষ করে শুষ্ক মৌসুমে খাবার পানির জন্য তাদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হতো। পাহাড়ি এই জনপদের মানুষের এই মৌলিক সমস্যার স্থায়ী সমাধান করতে এগিয়ে আসে বাংলাদেশ সেনাবাহিনী।
সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয়রা। সৌরশক্তি চালিত এই পানির ট্যাংকটি স্থাপনের ফলে বিনাজুড়িপাড়া ও এর পার্শ্ববর্তী এলাকার প্রায় ১২০টি পরিবারের প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ এখন থেকে নিরবচ্ছিন্নভাবে নিরাপদ ও সুপেয় পানির সুবিধা পাবেন। সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ কেবল দীর্ঘদিনের পানির সংকটই দূর করবে না, বরং স্থানীয় জনস্বাস্থ্য রক্ষায় এবং মানুষের দৈনন্দিন জীবনযাত্রা সহজ করতে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।
​উদ্বোধনী অনুষ্ঠানে লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম বলেন, ‘পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও মৌলিক চাহিদা পূরণে সব ধরনের প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। জাতিগত বিভেদের ঊর্ধ্বে উঠে নিঃস্বার্থ জনকল্যাণে সেনাবাহিনী সবসময় আপসহীন। বিনা জুড়িপাড়ায় সৌরশক্তি চালিত পানির ট্যাংক স্থাপনের মাধ্যমে স্থানীয় মানুষের দীর্ঘদিনের পানির সংকট লাঘব হয়েছে। পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় জনগণের পাশে থেকে সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ