নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ির মানিকছড়িতে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে নিয়ে আসা ৩০ লাখ টাকারও বেশি মূল্যের বিদেশি সিগারেটসহ একটি পিকআপ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ১৫ নভেম্বর রাতে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের নয়াবাজার চেকপোস্ট ও রেস্টহাউসের সামনে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- রাঙামাটি জেলার সাজেক থানার বাঘাইহাট এলাকার গঙ্গারাম মুখ রিজার্ভ ফরেস্টের সুরেন বিকাশের ছেলে লিটন চাকমা (২৮) এবং একই থানার সুরংনালা এলাকার বীর রাজ্যে চাকমার ছেলে জিং চাকমা (১৯)।
পুলিশের এজাহার সূত্রে জানা যায়, ঘটনার রাতে মানিকছড়ি থানা পুলিশের একটি নিয়মিত টহল দল নয়াবাজার চেকপোস্টের সামনে সন্দেহজনক একটি টাটা বোলেরো পিকআপের গতিরোধ করে। পরে সেনাবাহিনীর টহল দলের সহায়তায় পিকআপে থাকা ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। তবে এ সময় তাঁদের সঙ্গে থাকা অজ্ঞাতনামা অপর এক ব্যক্তি সুকৌশলে পালিয়ে যেতে সক্ষম হন।
পরে পিকআপটিতে তল্লাশি চালিয়ে ১ হাজার ৫২৭ কার্টন ‘অরিস সিলভার’ (ORIS SILVER) ব্র্যান্ডের বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। জব্দকৃত এসব সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ ৫৪ হাজার টাকা।
পুলিশের প্রাথমিক ধারণা, শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে এসব বিদেশি সিগারেট দেশের অভ্যন্তরে আনা হয়েছিল। পরবর্তীতে চট্টগ্রামের বিভিন্ন স্থানে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে এগুলো পরিবহন করা হচ্ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদ খান চৌধুরী জানান, এ ঘটনায় গ্রেপ্তার দুজনসহ পলাতক অজ্ঞাতনামা এক ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫(বি) ধারায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত সিগারেট ও পিকআপটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।