1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়িতে মন্দিরে চুরির ঘটনায় অভিযুক্ত লিটন দাস গ্রেফতার - আলোকিত খাগড়াছড়ি

খাগড়াছড়িতে মন্দিরে চুরির ঘটনায় অভিযুক্ত লিটন দাস গ্রেফতার

  • প্রকাশিতঃ শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ি সদর উপজেলার সিঙ্গিনালা এলাকায় অবস্থিত শ্রী শ্রী হরি মন্দিরে চুরি এবং শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম মন্দিরে চুরির চেষ্টা করার অভিযোগে লিটন দাস (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে সদর উপজেলার সিঙ্গিনালা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লিটন দাস চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের ব্রাহ্মণপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম অর্জুন দাস।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে সিঙ্গিনালার শ্রী শ্রী হরি মন্দির থেকে একটি পিতলের বড় কাসা ও দুটি পিতলের ঘণ্টা চুরি করা হয়। একই ব্যক্তি পৌরসভার ১নং ওয়ার্ডে অবস্থিত শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম মন্দিরেও চুরির চেষ্টা চালায়।

ঘটনার পর খাগড়াছড়ি সদর থানা পুলিশ মন্দিরের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্ত করে। পরবর্তীতে অভিযান চালিয়ে লিটন দাসকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কায় কিসলু জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, লিটন দাস এর আগে খাগড়াছড়ি সদরসহ বিভিন্ন এলাকায় হিন্দু ও বৌদ্ধ উপাসনালয়ে একাধিক চুরির সঙ্গে জড়িত। গুইমারা থানার আওতাধীন থানারুং বৌদ্ধ বিহারেও তার চুরির অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ