1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
অবৈধ পাহাড় কাটায় কঠোর অভিযান: খাগড়াছড়িতে ৩ জনের কারাদণ্ড, ট্রাক্টর জব্দ - আলোকিত খাগড়াছড়ি

অবৈধ পাহাড় কাটায় কঠোর অভিযান: খাগড়াছড়িতে ৩ জনের কারাদণ্ড, ট্রাক্টর জব্দ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
পার্বত্য চট্টগ্রামে অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে প্রশাসনের জোরদার অভিযানে খাগড়াছড়ি সদর উপজেলায় তিন ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। একইসঙ্গে ঘটনাস্থল থেকে পাহাড় কাটায় ব্যবহৃত একটি ট্রাক্টর জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের রোয়াসাইপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, খাগড়াছড়ি সদর জোনের আওতাধীন জিরো মাইল আর্মি ক্যাম্পের একটি টহল দল নিয়মিত টহলকালে পাহাড় কাটার স্থানে একদল ব্যক্তিকে অবৈধভাবে মাটি উত্তোলনে লিপ্ত অবস্থায় দেখতে পায়। পরে তাদের হাতেনাতে আটক করে প্রশাসনকে অবহিত করা হয়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা এবং পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক তিনজনকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে ঘটনাস্থল থেকে একটি ট্রাক্টর জব্দ করা হয় এবং ব্যাপক পরিমাণ মাটি উত্তোলনের প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি এলাকায় পূর্বে সংঘটিত পাহাড় কাটার একাধিক চিহ্নও শনাক্ত করা হয়েছে। বিষয়টি অধিকতর তদন্তের আওতায় নেওয়া হয়েছে। তদন্ত কার্যক্রমে সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক অংশগ্রহণ করেন।
খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা বলেন, “পার্বত্য এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। এটি পরিবেশের ভারসাম্য নষ্ট করার পাশাপাশি ভূমিধসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বহুগুণে বাড়িয়ে দেয়। তাই এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। আজকের অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও পরিবেশ রক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। পাশাপাশি স্থানীয় জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানাই, যেন কেউ এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত না হন।”

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ