খাগড়াছড়ি সদর উপজেলার গামারীঢালা এলাকায় বাগানের গাছ কেটে নেওয়া, অপহরণ ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় ১৬টি পরিবারের খেটে খাওয়া নারী-পুরুষরা।
রবিবার (১০ মে) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের নেতৃবৃন্দ অভিযোগ করেন, তারা বংশ পরম্পরায় দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করে আসছেন। ১৯৮০-৮২ সালে তৎকালীন সরকার জিয়াউর রহমানের কাছ থেকে বন্দোবস্তি কবুলিয়ত প্রাপ্ত হয়ে তারা সেখানে বসতি গড়ে তোলেন এবং বাগান-বাগিচা সৃষ্টি করে জীবিকা নির্বাহ করে আসছেন।
তাদের অভিযোগ, সম্প্রতি বাগিস চাকমা ও বিনয় কৃষ্ণ চাকমার নেতৃত্বে একদল ব্যক্তি জোরপূর্বক জমি দখলের উদ্দেশ্যে তাদের বাগানের গাছ কেটে নিয়ে যায়। এ সময় অস্ত্র প্রদর্শন করে অপহরণ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এমনকি তাদের কবুলিয়তের জমি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার জন্যও চাপ প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
ভুক্তভোগীরা জানান, এ পরিস্থিতিতে ১৬টি পরিবার চরম নিরাপত্তাহীনতা ও উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। তারা অবিলম্বে জীবন-নিরাপত্তা নিশ্চিত করা, হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাদের বন্দোবস্তিকৃত ভূমি রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে গামারীঢালা এলাকার বাসিন্দা রুস্তম আলী, কুলসুম বেগম, দুলাল মিয়া, মো. ডালিমসহ স্থানীয় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা উপস্থিত ছিলেন।