বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ি সদর উপজেলায় ১০ বছর বয়সী পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় জনতা শরীফ হোসেন (২০) নামের এক তরুণকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে সদর উপজেলার সিংগীনালা মগপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
আটক শরীফ হোসেন মাটিরাঙ্গা উপজেলার ১ নম্বর ওয়ার্ডের রামছিরা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি স্থানীয় এক বাসিন্দার খামারে রাখাল হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে ওই শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে পাশের একটি নিচু জমিতে নিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে স্থানীয়রা অভিযুক্ত শরীফকে আটক করে এবং খাগড়াছড়ি সদর থানা পুলিশে খবর দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কায় কিসলু জানান, সংবাদ পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ভিকটিমের পরিবার থেকে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন এবং ভুক্তভোগী শিশুর প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করা হচ্ছে। আইনি কার্যক্রম শেষে বিস্তারিত জানানো হবে।
বর্তমানে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।