1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়িতে ‘পৌর কিচেন মার্কেট’ শুভ উদ্বোধন, আধুনিক ভবনে বদলে যাচ্ছে বাজার ব্যবস্থাপনা - আলোকিত খাগড়াছড়ি

খাগড়াছড়িতে ‘পৌর কিচেন মার্কেট’ শুভ উদ্বোধন, আধুনিক ভবনে বদলে যাচ্ছে বাজার ব্যবস্থাপনা

  • প্রকাশিতঃ বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে
মো. আবদুর রউফ:
খাগড়াছড়ি পার্বত্য জেলার প্রধান সবজি বাজারে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত নবনির্মিত ‘পৌর কিচেন মার্কেট’-এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনের পরপরই বরাদ্দপ্রাপ্ত স্থানীয় ব্যবসায়ীদের মাঝে নবনির্মিত দোকানের প্লটগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

​বুধবার (৫ আগস্ট) নবনির্মিত পৌর কিচেন মার্কেট প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বাণিজ্যিক ভবনের উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলার সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।

​খাগড়াছড়ি পৌরসভার প্রশাসক রুমানা আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার সাদাত এবং পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন।

​পৌরসভা সূত্রে জানা যায়, ‘লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট’ (LGCRRP)-এর আওতায় বিশ্বব্যাংকের অর্থায়নে চার তলা ফাউন্ডেশন বিশিষ্ট ভবনটির নির্মাণকাজ পরিচালনা করে খাগড়াছড়ি পৌরসভা। নির্ধারিত সময়সীমার প্রায় ৬ মাস আগেই মার্কেটটির নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন হয়।

​দ্রুত ও মানসম্মত কাজের জন্য প্রকল্প পরিচালক নাজমুস সাদাত মো. জিল্লুর রহমান, সংশ্লিষ্ট ঠিকাদার ও পৌরসভার প্রকৌশল টিমের প্রশংসনীয় ভূমিকার কথা উল্লেখ করেন অতিথিরা।

​উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া বলেন, ‘খাগড়াছড়ির স্থানীয় ব্যবসায়ীদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত একটি স্বপ্ন আজ পূরণ হলো। এই সুপরিসর ‘পৌর কিচেন মার্কেট’ চালুর ফলে বাজারে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে। এতে কেবল ব্যবসায়ীদের অবহেলা আর দুর্ভোগের অবসান ঘটবে তা নয়, বরং সাধারণ নাগরিকরাও স্বাস্থ্যকর পরিবেশে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারবেন। নাগরিকদের জীবনমান উন্নয়ন এবং খাগড়াছড়িকে একটি আধুনিক ও গতিশীল জেলা হিসেবে গড়ে তুলতে আমরা নিরলস কাজ করে যাচ্ছি।’

​নতুন ভবনে দোকান বরাদ্দের পর স্থানীয় ব্যবসায়ীদের মাঝে ব্যাপক আনন্দ ও উল্লাস দেখা যায়। ব্যবসায়ী ও ক্রেতাদের প্রত্যাশা সুপরিসর ও পরিচ্ছন্ন ভবনে বাজার স্থানান্তরের ফলে পুরো কেনাকাটার অভিজ্ঞতায় একটি কাঙ্ক্ষিত ইতিবাচক পরিবর্তন আসবে।

​পৌর কর্তৃপক্ষ জানায়, বাণিজ্যিক ভবনটির অবশিষ্ট তলাগুলোর নির্মাণকাজও সংসদ সদস্যের সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনায় দ্রুত এবং গুণগত মান বজায় রেখে সম্পন্ন করা হবে। নাগরিকদের আধুনিক সুবিধা নিশ্চিত করতে বাজার ব্যবস্থাপনার এ উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখারও অঙ্গীকার করে পৌর প্রশাসন।

​উদ্বোধনী এ বর্ণাঢ্য অনুষ্ঠানে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ