1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়িতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণ - আলোকিত খাগড়াছড়ি

খাগড়াছড়িতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণ

  • প্রকাশিতঃ রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:

যুবসমাজকে মাদকমুক্ত রাখা, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং সাধারণ মানুষের সঙ্গে পুলিশের পারস্পরিক আস্থা বৃদ্ধি করার লক্ষ্যে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হলো ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশের উদ্যোগে জেলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী আয়োজন শেষে জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

​খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁনের সভাপতিত্বে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯৮ নং সংসদীয় আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, জেলা পরিষদ সদস্য এম এন আবছার এবং খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য সহ প্রশাসনের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।

​এবারের টুর্নামেন্টে খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলা (মহালছড়ি, মানিকছড়ি, পানছড়ি, মাটিরাঙ্গা, দীঘিনালা, গুইমারা, লক্ষ্মীছড়ি, রামগড় ও খাগড়াছড়ি সদর) থেকে মোট ৯টি বালক দল এবং ৪টি বালিকা দল স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। মাঠের হাড্ডাহাড্ডি লড়াই শেষে বালিকা বিভাগে দারুণ নৈপুণ্য দেখিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মাটিরাঙ্গা সার্কেল। অন্যদিকে বালক বিভাগে সেমিফাইনাল পেরিয়ে ফাইনালে মুখোমুখি হয় দীঘিনালা ও মহালছড়ি উপজেলা দল। এতে চ্যাম্পিয়ন হয় দীঘিনালা থানা। খেলা শেষে বিজয়ী ও বিজিত ৪টি দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি।

​প্রধান অতিথি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁদের বক্তব্যে জানান, কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সামাজিক সুরক্ষায় তরুণদের সম্পৃক্ত করতেই এই বিশেষ আয়োজন। ফাইনাল খেলাকে কেন্দ্র করে মাঠজুড়ে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপচে পড়া ভিড় এবং ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ