নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ি শহরের মাস্টারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন মাস্টারপাড়া সড়কস্থ চাঁদনী ডায়াগনস্টিক সেন্টারের সামনের পাকা রাস্তার ওপর এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- খাগড়াছড়ির দীঘিনালা থানার ১ নম্বর ওয়ার্ড করাখালি মুসলিম পাড়ার লনি মিয়ার ছেলে মো. জামসেদ মিয়া (৪০) এবং চট্টগ্রামের ভুজপুর থানার বাঘমারা এলাকার মৃত আব্দুল মোনাফের ছেলে মো. নুরুল ইসলাম (৩৯)। নুরুল ইসলাম বর্তমানে খাগড়াছড়ি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ইসলামপুর এলাকায় বসবাস করে আসছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ কায় কিসলু বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সফল অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে মুক্ত রাখতে আমাদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’