শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে রামগড় উপজেলায় জুলাই বিপ্লবের শহীদ মোহাম্মদ মজিদ হোসেনের কবর জিয়ারত ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সাথে সাক্ষাৎ করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) সকাল ১০টায় রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের রসুলপুর গ্রামে শহীদের নিজ বাসভবনে ও কবরস্থানে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কবর জিয়ারত ও দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর খাগড়াছড়ি জেলা আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, জেলা সেক্রেটারি মিনহাজুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি আব্দুস সাত্তার, রামগড় উপজেলা জামায়াতের আমীর ফায়েজুর রহমান এবং সেক্রেটারি আনোয়ার হোসেনসহ স্থানীয় ও জেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
কবর জিয়ারত শেষে জেলা আমীর ও নেতৃবৃন্দ শহীদ মজিদ হোসেনের বাবা-মা ও আত্মীয়-স্বজনের সাথে সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা শহীদের পরিবারের খোঁজখবর নেন এবং গভীর সমবেদনা প্রকাশ করেন। জেলা আমীর শহীদের বাবার শারীরিক অবস্থা এবং তাঁর বড় ভাইসহ অন্যান্য সদস্যদের সার্বিক খোঁজখবর নেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শহীদ পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। একই সাথে, শহীদ পরিবারের যেকোনো প্রয়োজনে পাশে থাকতে এবং নিয়মিত তাঁদের সার্বিক খোঁজখবর রাখতে রামগড় উপজেলা জামায়াতের নেতৃবৃন্দকে বিশেষ তাগিদ দেন জেলা আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন।