রামগড় প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড়ে ৭৩ পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রামগড় পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের ফেনীরকুল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের তল্লাশি করে মাদক বিক্রির নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ফেনীরকুল এলাকার নুর আহাম্মদের ছেলে মো. ফরিদ উদ্দিন (৪২) ও তাঁর স্ত্রী জাহানারা বেগম (৩৫)।
পুলিশ সূত্রের বরাতে জানা যায়, রামগড় থানা-পুলিশের একটি দল শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে এলাকায় মাদক উদ্ধার ও পরোয়ানা তামিল ডিউটিতে নিয়োজিত ছিল। রাত ২টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ফেনীরকুল এলাকার একটি বসতবাড়ির শয়নকক্ষের জানালা দিয়ে অভিনব কায়দায় ইয়াবা কেনাবেচা চলছে।
সংবাদ পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ঘরটি চারপাশ থেকে ঘেরাও করে ফেলে। পরে ঘরের ভেতর তল্লাশি চালিয়ে দম্পতিকে আটক করা হয়। তল্লাশিকালে মো. ফরিদ উদ্দিনের পরিহিত লুঙ্গির কোচর থেকে ৫০ পিস ইয়াবা, নগদ ১৯ হাজার ৬৫০ টাকা এবং একটি অ্যান্ড্রোয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। অন্যদিকে তাঁর স্ত্রী জাহানারা বেগমের পরিহিত পেটিকোটের জিপার থেকে ২৩ পিস ইয়াবা ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগড় থানার অফিসার ইনচার্জ মো. নাজির আলম জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে পুলিশ কাজ করছে। গ্রেপ্তার স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে খাগড়াছড়ি বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।