1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
দীঘিনালায় পাহাড়ি-বাঙালি হাজারো চক্ষু রোগীকে বিনামূল্যে সেবা দিলো সেনাবাহিনী - আলোকিত খাগড়াছড়ি

দীঘিনালায় পাহাড়ি-বাঙালি হাজারো চক্ষু রোগীকে বিনামূল্যে সেবা দিলো সেনাবাহিনী

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
​চোখের নানা সমস্যা নিয়ে সকাল থেকেই দীঘিনালা মিনি স্টেডিয়ামে ভিড় করেন পাহাড়ি ও বাঙালি বিভিন্ন বয়সী মানুষ। কারও চোখে ঝাপসা দেখা, আবার কেউ দীর্ঘদিনের দৃষ্টিশক্তির সমাধানে চিকিৎসকের শরণাপন্ন হন। খাগড়াছড়ির দীঘিনালায় দিনব্যাপী আয়োজিত বিনামূল্যের চক্ষু চিকিৎসা ক্যাম্পে এমনই দৃশ্য দেখা যায়।
​মঙ্গলবার বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন দীঘিনালা জোন ও চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
​ক্যাম্পে অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রায় ১ হাজার রোগীর চোখ পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়। এতে চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক এবং সেনাবাহিনীর মেডিকেল অফিসাররা রোগীদের সেবা দেন।
​আয়োজকরা জানান, প্রাথমিক চিকিৎসার পাশাপাশি ক্যাম্পে গুরুতর ছানিপড়া রোগীদেরও চিহ্নিত করা হয়েছে। পরবর্তীতে এসব রোগীকে চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালে নিয়ে সম্পূর্ণ বিনামূল্যে চোখের অস্ত্রোপচার, ওষুধ ও আনুষঙ্গিক চিকিৎসাসেবা দেওয়া হবে। এছাড়া দৃষ্টিশক্তির সমস্যার কারণে যাদের চশমা প্রয়োজন, তাদের বিনামূল্যে চশমা প্রদান করা হয়।
​চিকিৎসাসেবা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ষাটোর্ধ্ব স্বাগতা চাকমা বলেন, ‘আমার চোখে ছানি পড়েছে। টাকার অভাবে ডাক্তার দেখাতে পারতাম না। আজ সেনাবাহিনীর ক্যাম্পে ডাক্তার দেখিয়েছি। তারা বিনামূল্যে ওষুধ দিয়েছে এবং চোখের ছানি অপারেশনও বিনামূল্যে করে দেবে বলে জানিয়েছে। আমি সেনাবাহিনীর প্রতি অনেক খুশি।’
​দীঘিনালা জোনের পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি আর্তমানবতার সেবায় বরাবরই অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। দুর্গম পাহাড়ি জনপদের মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে এমন মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে সেনাবাহিনী।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ