1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
দীর্ঘ ৯ বছর পর রায়, সাজেকে শান্তিলাল চাকমা হত্যায় ছেলে সোহেল চাকমা ও ভাতিজা আলোময় চাকমার মৃত্যুদণ্ড দিয়েছে আদালত - আলোকিত খাগড়াছড়ি

দীর্ঘ ৯ বছর পর রায়, সাজেকে শান্তিলাল চাকমা হত্যায় ছেলে সোহেল চাকমা ও ভাতিজা আলোময় চাকমার মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে
​নিজস্ব প্রতিনিধি:
রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে চাঞ্চল্যকর শান্তিলাল চাকমা হত্যা মামলায় দীর্ঘ ৯ বছর ১ মাস পর তাঁর নিজের ছেলে ও ভাতিজাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে উভয়কে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালত এ রায় ঘোষণা করেন।
​মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- নিহত শান্তিলাল চাকমার ছেলে সোহেল চাকমা এবং তাঁর ভাতিজা আলোময় চাকমা। রায়ের সময় আসামি সোহেল চাকমা আদালতে উপস্থিত থাকলেও অপর আসামি আলোময় চাকমা বর্তমানে পলাতক রয়েছেন।
​মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ৬ আগস্ট রাতে সাজেক থানার ভাইবোনছড়া এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ওই দিন রাতে নিজ বাড়ি থেকে শান্তিলাল চাকমাকে ডেকে বের করা হয়। এরপর গলায় গামছা পেঁচিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাঁকে হত্যা করা হয়। অপরাধ ঢাকার উদ্দেশ্যে ঘাতকরা মরদেহ গঙ্গারাম নদীতে ফেলে দেয়।
​ঘটনার দীর্ঘ ৯ দিন পর কাচালং নদী থেকে নিহত শান্তিলাল চাকমার পচন ধরা গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারপ্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে আদালত আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এই ফাঁসির আদেশ দেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ