বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ির মাটিরাঙ্গার সীমান্তবর্তী তংপাড়া এলাকায় বিজিবি ও ইউপিডিএফের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ২টি দেশীয় রাইফেল, ১২ বোর পিস্তল মেড ইন ইন্ডিয়া ১ টি, ১২ বোর শট গান মেড ইন ইন্ডিয়া ১ টি উদ্ধার সহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়।
সোমবার (২১ জুলাই) রাত ২টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে বিজিবি।
উদ্ধার করা গোলাবারুদের মধ্যে কার্তুজ ১২ বোর (লীড বল) ২ রাউন্ড, ৭.৬২ x ৩৯ মিঃমিঃ বল ফর রাইফেল/এসএমজি ১ রাউন্ড, এফসিসি ৫.৫৬ মিঃমিঃ ৭ রাউন্ড, এফসিসি ৭.৬২ x ৩৯ মিঃমিঃ ৬ রাউন্ড, গান পাউডার ৫০০ গ্রাম রয়েছে।
এছাড়াও ওয়াকিটকি সেট (চার্জার সহ) ২ টি, মোবাইল ফোন ২ টি, কম্ব্যাট ইউনিফর্ম ৮ জোড়া, কম্ব্যাট ক্যাপ ১ টি, জঙ্গল বুট ২ জোড়া, বান্ডুলিয়ার ১ টি, সিভিল পোষাক ৪ টি, ইউপিডিএফের পতাকা ২ টি, চাঁদা আদায় রশিদ বই ২৯ টি, এলআরপি টেন্ট ১ টি সহ নানান সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, মাটিরাঙ্গার সীমান্তবর্তী পুং পাড়া ইউনিয়নের তং পাড়া এলাকায় বিজিবির একটি টহল দলের সাথে ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের সাথে গোলাগুলির ঘটনা ঘটে। অভিযানে টিকতে না পেরে একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। সময় ঘটনাস্থলের আশপাশে অভিযান চালিয়ে রাইফেল, পিস্তল, শর্টগান, গুলিসহ ইউপিডিএফর ফেলে যাওয়া বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
২৩ বিজিবি যামিনীপাড়া জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খালিদ ইবনে হোসেন বলেন, “যামিনীপাড়া জোনের দ্বায়িত্বপূর্ন এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহতকরনের লক্ষ্যে ২৩ বিজিবি বিশেষ অভিযান পরিচালনা করে। ২১ জুলাই আনুমানিক ২ টা ৫০ মিনিটের দিকে একটি চৌকস টহলদল উক্ত গুপ্তাশ্রয়ে হামলা করে। হামলার প্রথমে ইউপিডিএফ (মূলদল) বিজিবি’র টহলের উপস্থিতি বুঝতে পেরে আকস্মিক গুলিবর্ষণ শুরু করলে বিজিবি দল পাল্টা গুলি বিনিময় করে। আনুমানিক ২০ মিনিট থেমে থেমে গুলি বিনিময় শেষে সন্ত্রাসীদল গুপ্তাশ্রয় ত্যাগ করতে বাধ্য হয়। এসময় অস্ত্র, গোলাবারুদ সহ নানান সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। সন্ত্রাসীর বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। “