পানছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক সদস্যকে বাড়ির সামনে গুলি করে হত্যা
প্রকাশিতঃ
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
১৩২
বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ইসলামপুর এলাকায় ইউপিডিএফ গণতান্ত্রিকের এক সদস্যকে বাড়ির সামনে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। নিহত ব্যক্তির নাম ইমন হোসেন (২৫)। তিনি পানছড়ি উপজেলার মোহাম্মদপুর এলাকার রুহুল আমিনের ছেলে।
বৃহস্পতিবার (৭ মে) ভোর আনুমানিক ৬টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে নিজ ঘরের সামনে হাঁটাহাটি করছিলেন ইমন হোসেন। এসময় একদল সশস্ত্র দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র খাগড়াছড়ি জেলার সংগঠক অমর চাকমা দাবি করেন, নিহত ইমন তাদের সংগঠনের সক্রিয় সদস্য ছিলেন। তিনি এ হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফ (প্রসীত) গ্রুপকে দায়ী করেন। তবে অভিযোগের বিষয়ে ইউপিডিএফ (প্রসীত) পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পানছড়ি থানার অফিসার্স ইনচার্জ মো. ফেরদৌস ওয়াহিদ জানান, গুলিতে একজন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।