1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
মহালছড়িতে সেনাবাহিনীর চক্ষু ক্যাম্পে সহস্রাধিক মানুষের সেবা, বিনামূল্যে ১৭৪ জনের অস্ত্রোপচারের উদ্যোগ - আলোকিত খাগড়াছড়ি

মহালছড়িতে সেনাবাহিনীর চক্ষু ক্যাম্পে সহস্রাধিক মানুষের সেবা, বিনামূল্যে ১৭৪ জনের অস্ত্রোপচারের উদ্যোগ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে
মো. আবদুর রউফ:
খাগড়াছড়ির মহালছড়িতে দুর্গম পাহাড়ি অঞ্চলের সুবিধাবঞ্চিত পাহাড়ি ও বাঙালি মানুষের জন্য দিনব্যাপী বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এতে চক্ষুসহ বিভিন্ন রোগে আক্রান্ত সহস্রাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার (৭ মে) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খাগড়াছড়ি রিজিয়নের সার্বিক ব্যবস্থাপনায় এবং মহালছড়ি জোনের তত্ত্বাবধানে উপজেলার শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পটি পরিচালনায় সহযোগিতা করে লায়ন্স ক্লাবের বিশেষজ্ঞ চিকিৎসক দল ও রোটারি ক্লাব। অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞরা রোগীদের চোখ পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান, বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করেন। পাশাপাশি সাধারণ রোগীদের জন্যও চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, চক্ষু চিকিৎসা সেবা নিয়েছেন মোট ৫৬৮ জন। এর মধ্যে ২৯৬ জন পাহাড়ি এবং ২৭২ জন বাঙালি। এছাড়া অন্যান্য রোগের চিকিৎসা নিয়েছেন ৪৫৭ জন, যার মধ্যে ২৫৫ জন পাহাড়ি এবং ২০২ জন বাঙালি। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন ৫০৪ জন নারী, ৪২৬ জন পুরুষ এবং ৯৫ জন শিশু। এ সময় ১০০ জন রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়। এছাড়া আরও ১২৭ জন রোগীকে পরবর্তীতে ওষুধ ও চশমা দেওয়ার জন্য নিবন্ধন করা হয়েছে।
চিকিৎসকদের প্রাথমিক বাছাই শেষে ১৭৪ জন রোগীকে ছানি অপসারণসহ বিভিন্ন জটিল চোখের অস্ত্রোপচারের জন্য চট্টগ্রামের লায়ন্স হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি তাদের নিয়মিত ফলোআপ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়াও দুর্গম এলাকার মানুষের যাতায়াত সমস্যার কথা বিবেচনায় নিয়ে মহালছড়ি জোনের পক্ষ থেকে মহালছড়ি ও আশপাশের বিভিন্ন উপজেলা থেকে আগত ৪৩৮ জন রোগীর যাতায়াতের জন্য বিশেষ পরিবহন সুবিধাও প্রদান করা হয়।
চক্ষু চিকিৎসার পাশাপাশি মহালছড়ি জোনের মেডিকেল অফিসার এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রসূতি রোগ বিশেষজ্ঞ চিকিৎসক সাধারণ রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন।
স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই জনকল্যাণমূলক কার্যক্রমকে সফল হিসেবে উল্লেখ করেছেন সেবা গ্রহণকারী রোগীরা।
মহালছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল জাবির আসিফ বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী সবসময়ই মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। দুর্গম পার্বত্য এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া আমাদের দায়িত্বের অংশ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ