নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
রবিবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার বন্যা পরবর্তী বিশেষ ত্রাণ ও পুনর্বাসন সহায়তা অনুষ্ঠানে উপস্থিত হয়ে তারা দুর্গত মানুষের হাতে এই মানবিক সহায়তা তুলে দেন। দুর্যোগ কবলিত অসহায় মানুষের দুঃখ-দুর্দশা লাঘব এবং তাদের দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাই সরকারের এই কার্যক্রমের মূল উদ্দেশ্য বলে জানানো হয়।
ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘সরকারের সঠিক পরিকল্পনা ও সময়োপযোগী আগাম পদক্ষেপ নেওয়ার কারণে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে। বন্যাদুর্গত মানুষের কষ্ট লাঘবের জন্য আজ থেকেই সরকারের বিশেষ খাদ্য সহায়তা কর্মসূচি চালু করা হয়েছে, যার মাধ্যমে দুর্গত ও হতদরিদ্র মানুষ অত্যন্ত স্বল্প মূল্যে নিয়মিত খাদ্য সহায়তা পাবেন। পার্বত্য অঞ্চলের টেকসই উন্নয়ন ও প্রতিটি নাগরিকের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকারের বিশেষ মনোযোগ ও আন্তরিকতা রয়েছে।’
পাহাড়ের শান্তি ও উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সকল ধর্ম, বর্ণ ও জনগোষ্ঠীকে নিয়ে একটি বৈষম্যহীন ও ঐক্যবদ্ধ ‘রংধনুর বাংলাদেশ’ গড়তে চান। প্রধানমন্ত্রীর এই ‘রেইনবো জাতি’ গঠনের স্বপ্ন বাস্তবায়নে পাহাড়ের সকল সম্প্রদায়ের মানুষের পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত প্রয়োজন।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বলেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্ত পাহাড়ের একটি মানুষও না খেয়ে থাকবে না। দেশনায়ক তারেক রহমানের নির্দেশ অনুযায়ী প্রশাসন ও দলীয় নেতা-কর্মীরা রাতদিন উপদ্রুত এলাকায় কাজ করে যাচ্ছেন। আমরা কেবল সাময়িক ত্রাণ দিয়েই দায়িত্ব শেষ করব না, বন্যায় যাদের ঘরবাড়ি ও ফসলের ক্ষতি হয়েছে, তাদের পুনর্বাসনের জন্য সব ধরনের সহযোগিতা করা হবে। পার্বত্য অঞ্চলের মানুষের যেকোনো বিপদে আমরা অতীতেও পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব।’
আনুষ্ঠানিক ত্রাণ বিতরণ শেষে প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য মহালছড়ি উপজেলার চোংড়াছড়ি, পাকুজ্জাছড়ি ও মাইসছড়ির বন্যা দুর্গত বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করেন।
এ সময় খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার সহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন সরকারি দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।