নিজস্ব প্রতিনিধি:
চট্টগ্রামের মীরসরাইয়ের সীমান্তবর্তী কয়লারমুখ এলাকায় অভিযান চালিয়ে ৬টি ভারতীয় গরু জব্দ করেছে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোরে বাংলাদেশ-ভারত সীমান্তের রহমতপুর নামক স্থান থেকে এসব গরু জব্দ করা হয়।
বিজিবি জানায়, ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় কয়লারমুখ বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২২০৫/৬ আরবি থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রহমতপুর এলাকায় অবস্থান নেয়। ভোর সাড়ে ৫টার দিকে ভারত থেকে দুজন চোরাকারবারী ৬টি গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন।
পরে বিজিবি টহলদলের ধাওয়া খেয়ে চোরাকারবারীরা গরুগুলো রেখে দ্রুত ভারতের সীমানার দিকে পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে ৬টি সীমান্ত টপকানো গরু জব্দ করেন। জব্দকৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ১০ হাজার টাকা।
রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় সব ধরনের চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ বন্ধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। সীমান্ত সুরক্ষা, মাদক পাচার প্রতিরোধ এবং চোরাচালান দমনে দিনরাত ২৪ ঘণ্টা সজাগ রয়েছেন বিজিবির সদস্যরা। একই সঙ্গে সীমান্তে যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দিয়ে বিজিবিকে সহায়তা করার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।