দীঘিনালা প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ৪০০ গ্রাম গাঁজাসহ মো. আরিফ হোসেন (৪০) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কবাখালী ইউনিয়নের শান্তিপুর চার রাস্তার মোড় হতে গাঁজা সহ তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আরিফ ওই এলাকার কুখ্যাত ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে আদালতে পূর্বের আরও ১৩টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। পুলিশ আরও জানায়, রাতে দীঘিনালা থানা পুলিশের একটি দল বোয়ালখালী নতুন বাজার এলাকায় নিয়মিত নৈশকালীন টহল ডিউটিতে নিয়োজিত ছিল। রাত ১১:৫৫ ঘটিকার দিকে গোপন সূত্রে খবর আসে যে, ৩ নং কবাখালী ইউনিয়নের শান্তিপুর চার রাস্তার মোড়ে এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ইব্রাহিম খলিল উল্লাহর নেতৃত্বে পুলিশের দল রাত ১২:১৫ ঘটিকায় ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে স্থানীয় জনতা ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় ধাওয়া করে আরিফকে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার ডান হাতে থাকা ব্যাগে পলিথিনে মোড়ানো অবস্থায় ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং রাত ১২:৩০ ঘটিকায় তা জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
গ্রেফতারকৃত আরিফ হোসেন দীঘিনালা থানার ৩ নং কবাখালী ইউনিয়নের দক্ষিণ মিলনপুর (পাবলাখালী) এলাকার মো. আব্দুর রশিদ মিয়া ও জনু বিবির ছেলে।
ঘটনায় উদ্ধারকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ ইব্রাহিম খলিল উল্লাহ বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর টেবিল ১৯(ক) ধারায় দীঘিনালা থানায় একটি মামলা দায়ের করেছেন। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযান ও সার্বিক বিষয়ে দীঘিনালা থানার অফিসার্স ইনচার্জ মো. ইকবাল বাহার বলেন, ‘গ্রেফতারকৃত আরিফ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে পূর্বেরও ১৩টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে, মাদকের সাথে সম্পৃক্ত কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।’