নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সুবিধাজনক পদে বদলি বা পোস্টিংয়ের প্রলোভন দেখিয়ে ১ লাখ টাকা চাদাঁ দাবি করার সময় এক প্রতারককে হাতেনাতে আটক করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি নিজেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের আপন বড় ভাই পরিচয় দিয়ে এই জালিয়াতির চেষ্টা চালান।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।
ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে অভিযুক্ত ব্যক্তি ইউএনও কার্যালয়ে প্রবেশ করে নিজেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের বড় ভাই হিসেবে পরিচয় দেন। একপর্যায়ে তিনি ইউএনও-কে সুবিধাজনক ও আকর্ষণীয় স্থানে পোস্টিং করিয়ে দেওয়ার আশ্বাস দেন এবং এর বিনিময়ে ১ লাখ টাকা দাবি করেন।
বিষয়টি সন্দেহজনক মনে হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তথ্য যাচাই করেন। সত্যতা যাচাইয়ের পর নিশ্চিত হওয়া যায় যে ওই ব্যক্তির পরিচয় সম্পূর্ণ ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত। পরবর্তীতে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা তাকে আটক করে স্থানীয় রামগড় থানায় সোপর্দ করেন।
রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামিম বলেন, একজন প্রতারক আমার কাছে এসে সচিবের বড় ভাই হিসেবে পরিচয় দিয়ে দেখা করতে আসে এবং ভাল জায়গায় বদলি করার প্রলোভন দেখিয়ে ১ লাখ টাকা দাবী করেন। পরে তাকে আমরা পুলিশের নিকট হস্তান্তর করি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগড় থানার অফিসার্স ইনচার্জ মো. নাজির আলম বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কল পেয়ে আমরা উনার দপ্তর থেকে একজন প্রতারককে আটক করেছি। প্রতারক চক্রটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।