1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়িতে শিক্ষাবৃত্তি, আত্মকর্মসংস্থান, ব্রিজ ও একাধিক নতুন অবকাঠামোর শুভ উদ্বোধন - আলোকিত খাগড়াছড়ি

খাগড়াছড়িতে শিক্ষাবৃত্তি, আত্মকর্মসংস্থান, ব্রিজ ও একাধিক নতুন অবকাঠামোর শুভ উদ্বোধন

  • প্রকাশিতঃ বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে
​মো. আবদুর রউফ:
​পার্বত্য জনপদে শিক্ষার আলো বিস্তার, অর্থনৈতিক সংকটে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে খাগড়াছড়িতে শুভ সূচনা হলো এক নতুন সম্ভাবনার। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের যৌথ উদ্যোগে সুবিধাবঞ্চিত শিক্ষার্থী এবং আত্মকর্মসংস্থানমুখী নারীদের মাঝে প্রায় কোটি টাকার আর্থিক সহায়তা বিতরণ ও বেশ কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামোর শুভ উদ্বোধন করা হয়েছে।
​বুধবার (২৩ সেপ্টেম্বর) খাগড়াছড়ি পৌর টাউন হলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে আয়োজিত এক সমন্বিত অনুষ্ঠানে পাহাড়ের ৭৭৮ জন সুবিধাবঞ্চিত ও মেধা তালিকার শিক্ষার্থীর মাঝে ৯২ লাখ ৫ হাজার টাকার শিক্ষা বৃত্তির মঞ্জুরি হস্তান্তর করা হয়। এই আর্থিক সহায়তার আওতায় উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের ৪৯৩ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানের ২৮৫ জন শিক্ষার্থীকে ১৫ হাজার টাকা করে এককালীন অনুদান দেওয়া হয়।
​শিক্ষাব্যবস্থাকে যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক ও প্রযুক্তিভিত্তিক করতে জেলার ২৩টি প্রত্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে আধুনিক ডিজিটাল মাল্টিমিডিয়া সরঞ্জাম।
একই সাথে পাহাড়ের প্রান্তিক নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সদর উপজেলার ১০ জন নারীর হাতে বিতরণ করা হয় সেলাই মেশিন। উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে জেলার ৯টি উপজেলার মোট ৯০ জন নারীকে এ কর্মসূচির আওতায় এনে স্বাবলম্বী করা হবে।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ও ভূমি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া এমপি।
​প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, ‘শিক্ষাই একটি জাতির স্থায়ী ভিত্তি। অর্থাভাব যেন পাহাড়ের কোনো মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন পূরণে বাধা হয়ে না দাঁড়ায়, সরকার তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। প্রযুক্তিভিত্তিক আধুনিক শিক্ষার সুবিধা প্রতিটি দুর্গম অঞ্চলেও পৌঁছে দেওয়া হবে।’ তিনি আরও উল্লেখ করেন, পাহাড়ের নারীদের দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং স্থানীয় যোগাযোগের সুবিধার্থে টেকসই অবকাঠামো বিনির্মাণে সরকার নিয়মিত বাজেট বরাদ্দ বৃদ্ধি করছে।
​উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান শেখ ছালেহ্ আহাম্মদ-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা এবং পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৭৬ সালে প্রতিষ্ঠার পর থেকেই পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এই অঞ্চলের অবহেলিত মানুষের সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
​শিক্ষা সহায়তার পাশাপাশি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে সদর উপজেলার বহু কাঙ্ক্ষিত বেতছড়ি মুখ খালের ওপর নবনির্মিত সেতুর শুভ উদ্বোধন করা হয়। এই সেতু চালুর ফলে স্থানীয় কৃষিপণ্য পরিবহন সহজতর হওয়ার পাশাপাশি এলাকার যাতায়াত ব্যবস্থার দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটেছে।
​পরবর্তীতে অতিথিবৃন্দ পেরাছড়ার হেডম্যান পাড়ায় ‘গিরিফুল শিশু সদন’-এর নবনির্মিত ছাত্রাবাস এবং বিকালে দীঘিনালা উপজেলার জোড়াব্রিজ এলাকায় একটি নতুন বিদ্যালয় ভবন উদ্বোধন করেন। এর আগের দিন মঙ্গলবার খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে মাটিরাঙ্গার তপ্ত মাস্টারপাড়া ব্রিজ ও নতুন পাড়া মসজিদ ভবনেরও উদ্বোধন সম্পন্ন হয়।
​একই সময়ে শিক্ষা বৃত্তি, প্রযুক্তি সরঞ্জাম, সেলাই মেশিন এবং সেতুসহ নানা অবকাঠামো চালুর এই মহতী উদ্যোগ খাগড়াছড়ির সর্বস্তরের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সুদূরপ্রসারী ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ