1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
সাজেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম, মানা না হলে টানা হরতাল-অবরোধের হুংকার - আলোকিত খাগড়াছড়ি

সাজেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম, মানা না হলে টানা হরতাল-অবরোধের হুংকার

  • প্রকাশিতঃ বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করে সাজেক পর্যটন কেন্দ্রে আরোপিত সাময়িক নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে খাগড়াছড়ির পর্যটন সংশ্লিষ্ট পেশাজীবীরা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে খাগড়াছড়ি জেলায় টানা হরতাল ও সড়ক অবরোধের মতো কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
​বুধবার (১৪ অক্টোবর) সকালে খাগড়াছড়ি শহরের প্রাণকেন্দ্র শাপলা চত্বরে ‘পর্যটন সংশ্লিষ্ট সর্বস্তরের ব্যবসায়ী ও শ্রমিক সমাজ’-এর ব্যানারে আয়োজিত এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এই আল্টিমেটাম দেওয়া হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয়।
​মানববন্ধনে সাজেক রিসোর্ট মালিক সমিতির সভাপতি আয়ুস চাকমা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পাহাড়ের আঞ্চলিক দলগুলোর আধিপত্য বিস্তারের লড়াই আর কোন্দলের খেসারত কেন সাধারণ ব্যবসায়ীরা দেবেন? সামনে শারদীয় দুর্গাপূজার লম্বা ছুটি। এই সময় সাজেকের রিসোর্ট ও কটেজগুলোতে প্রায় শতভাগ বুকিং হয়ে আছে। ঠিক এই মুহূর্তে ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ায় আমাদের কোটি টাকার বিনিয়োগ আজ হুমকির মুখে পড়েছে।’
​পরিবহন মালিক সমিতির প্রতিনিধি জসিম উদ্দিন বলেন, ‘সাজেক রুট বন্ধ মানে শুধু হোটেল-রিসোর্টের ক্ষতি নয়, এর সাথে জড়িত রয়েছে শত শত জিপ ও চাঁদের গাড়ি চালক, হেলপার এবং স্থানীয় রেস্তোরাঁ মালিকরা। গাড়ি বন্ধ থাকলে এই গরিব মানুষগুলোর পরিবারকে না খেয়ে দিন কাটাতে হবে।’
​স্থানীয় রেস্তোরাঁ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান, ‘পূজার এই মৌসুমের আয়ের ওপর পুরো বছরের একটা বড় আর্থিক হিসাব নির্ভর করে। প্রশাসন নিরাপত্তা জোরদার না করে হঠাৎ পর্যটনকেন্দ্র বন্ধ করে দেওয়ার যে সহজ পথ বেছে নিয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’
​মানববন্ধন থেকে স্পষ্ট ভাষায় জানানো হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি সাজেকে পর্যটক যাতায়াতের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হয়, তবে খাগড়াছড়িতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে এবং টানা হরতাল-অবরোধের মতো কর্মসূচি পালন করা হবে।
​উল্লেখ্য, পাহাড়ে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির শঙ্কা তৈরি হওয়ায় আজ বুধবার (১৪ অক্টোবর) থেকে রাঙ্গামাটি জেলা প্রশাসন সাজেকে পর্যটক ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি করে। এর পর থেকেই ফুঁসে উঠেছে সাজেকে পর্যটন খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ