নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার স্থানীয় ও দুর্গম পাহাড়ি এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে লক্ষ্মীছড়ি জোন।
বুধবার (২৫ নভেম্বর) লক্ষ্মীছড়ি বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
লক্ষ্মীছড়ি জোনের নির্দেশনায় ও তত্ত্বাবধানে আয়োজিত এই চিকিৎসা কার্যক্রমে জোনের মেডিকেল অফিসার (আরএমও) স্থানীয় ও দুর্গম এলাকার মোট ৯৬ জন রোগীকে চিকিৎসাসেবা দেন। এ সময় রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ, স্বাস্থ্যবিষয়ক সচেতনতা এবং বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়।
সংশ্লিষ্টরা জানান, দুর্গম যোগাযোগব্যবস্থা ও চিকিৎসাসেবা প্রাপ্তির সীমাবদ্ধতার কারণে এলাকার অনেক মানুষ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হন। লক্ষ্মীছড়ি জোনের এ মানবিক উদ্যোগের ফলে স্থানীয় জনগণের চিকিৎসাসেবা প্রাপ্তি সহজতর হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর সঙ্গে স্থানীয় জনগণের পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হচ্ছে।
এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও জনকল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।