বর্ণিল ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে খাগড়াছড়িতে শুভ সূচনা হয়েছে ‘বাঁশরী ওয়াদুদ আন্তঃউপজেলা ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর।
রবিবার (১১ অক্টোবর) বিকেলে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নাচ-গান, জাতীয় পতাকা উত্তোলন এবং শান্তি ও সম্প্রীতির প্রতীক কবুতর উড়িয়ে টুর্নামেন্টের জমকালো উদ্বোধন করা হয়।
টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া বলেন, ‘তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের মানুষকে সোচ্চার হতে হবে এবং ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।’ এ সময় তিনি পাহাড়ের নারী ফুটবলের সার্বিক অগ্রগতি ও প্রসারে খাগড়াছড়িতে একটি ‘নারী ফুটবল একাডেমি’ গড়ার প্রতিশ্রুতি ও ঘোষণা দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই চৌধুরী, জেলা পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, এবারের জেলাভিত্তিক এই টুর্নামেন্টে মোট ৯টি দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় মানিকছড়ি সানফ্লাওয়ার স্পোর্টিং ক্লাব এবং মাটিরাঙ্গা পৌরসভা একাদশ। মাঠজুড়ে বর্ণিল আয়োজন আর দর্শকদের উপচে পড়া ভিড়ে পুরো প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।