1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
মাটিরাঙ্গায় মাস্ক না পরায় ভ্রাম্যমান আদালতের জরিমানা - আলোকিত খাগড়াছড়ি

মাটিরাঙ্গায় মাস্ক না পরায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

  • প্রকাশিতঃ শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ৮৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:

করোনার দ্বিতীয় ধাপের সংক্রমণ মোকাবিলায় সকলকে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে সরকার। সরকারের এ নির্দেশনাকে বাস্তবায়নের লক্ষ্যে মাঠে নেমেছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন।

শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে শুরু করে করে মাস্কবিহীন বাজারে আসার দায়ে পৃথক দুটি অভিযান চালিয়ে ২১জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

মাটিরাঙ্গা পৌর শহরের বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব ও সহকারী কমিশনার (ভূমি) মিজ ফারজানা আক্তার ববি। অভিযান পরিচালনা কালে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে স্বাস্থ্যবিধি অনুযায়ী মাস্ক না পরায় দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা মতে ২১ জনকে ৩ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়।

স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ না করা এবং মাস্ক পরিধান না করায় দায়ী ব্যক্তিদের জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মিজ ফারজানা আক্তার ববি। নিজেদের সুরক্ষায় সকলকে মাস্ক পড়ারও আহবান জানান তিনি।

বাইরে চলাচলের সময় সবসময় মাস্ক পরিধান নিশ্চিত করার আহবান জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব বলেন, সাধারন জনগনের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্যবিধি অনুযায়ী মাস্ক ব্যবহার নিশ্চিত করতে আমরা কাজ করছি। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সর্বসাধারণের জন্য মাস্ক পরিধান নিশ্চিত করতে প্রশাসন মাঠে থাকবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত,গত চারদিনে পৃথক অভিযানে মাটিরাঙ্গায় স্বাস্থ্য বিধি না মানার অপরাধে ৭১ জনকে ১৮ হাজার ৮৫০ টাকা জরিমানা করা হয়। একই সময়ে সড়ক পরিবহন আইনে একজনকে ২ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যান আদালত।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ