1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
সেনাবাহিনীর মানবিক উদ্যোগ; দীঘিনালার দুর্গম পাহাড়ি এলাকায় ১০৫ পরিবার পেলো বিশুদ্ধ পানির উৎস - আলোকিত খাগড়াছড়ি

সেনাবাহিনীর মানবিক উদ্যোগ; দীঘিনালার দুর্গম পাহাড়ি এলাকায় ১০৫ পরিবার পেলো বিশুদ্ধ পানির উৎস

  • প্রকাশিতঃ সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে
হাসান মোর্শেদ, দিঘীনালা:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট নিরসনে একটি গভীর নলকূপ ও সাবমারসিবল মোটর স্থাপন করেছে সেনাবাহিনীর দীঘিনালা জোন (৪-ইবি)।
সোমবার (২২ জুন) সকালে বাবুছড়া ইউনিয়নের ধনপাতাছড়া এলাকার করুনা চান বাঙ্গালো কার্বারী পাড়ায় দীঘিনালা জোনের সার্বিক তত্ত্বাবধানে স্থাপিত গভীর নলকূপ ও সাবমারসিবল মোটরের উদ্বোধন করা হয়। এ সময় উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোন (৪-ইবি) এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন, এসইউপি, পিএসসি।
তিনি বলেন, “দুর্গম পাহাড়ি এলাকার মানুষের মৌলিক চাহিদা পূরণে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় কাজ করে যাচ্ছে। বিশুদ্ধ খাবার পানির সংকট নিরসনে এ উদ্যোগ স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
জানা যায়,  ধনপাতাছড়া এলাকার করুনা চান বাঙ্গালো কার্বারী পাড়ার প্রায় ১০৫টি পরিবারের ৩০০ থেকে ৩৫০ জন মানুষ বিশুদ্ধ খাবার পানির সুবিধা পাবেন।
দুর্গম পাহাড়ি এ জনপদের বাসিন্দারা দীর্ঘদিন ধরে বিশুদ্ধ খাবার পানির সংকটে ভুগছিলেন। বিশেষ করে শুষ্ক মৌসুমে স্থানীয়দের দূর-দূরান্ত থেকে পানি সংগ্রহ করতে হতো।
উদ্বোধনী অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, স্থানীয় হেডম্যান, কার্বারী এবং উপকারভোগী এলাকার বাসিন্দারা।
বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা বলেন, “দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষ নিরাপদ পানির সংকটে ভুগছিলেন। দীঘিনালা জোনের এ উদ্যোগ স্থানীয় জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছে। এজন্য এলাকার সর্বস্তরের মানুষের পক্ষ থেকে দীঘিনালা জোনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ