1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
দীঘিনালা জোনের আয়োজনে নারী ফুটবলের উৎসব, শেষে ১৫০০ চারা বিতরণ - আলোকিত খাগড়াছড়ি

দীঘিনালা জোনের আয়োজনে নারী ফুটবলের উৎসব, শেষে ১৫০০ চারা বিতরণ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে
হাসান মোর্শেদ, দীঘিনালা:
পাহাড়ি-বাঙালিসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের উদ্যোগে ‘দীঘিনালা ফুটবল কাপ টুর্নামেন্ট-২০২৬’-এর জমকালো উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে দীঘিনালা মিনি স্টেডিয়ামে হাজারো দর্শকের উপস্থিতিতে বাবুছড়া মহিলা একাদশ ও বোয়ালখালী মহিলা একাদশের মধ্যকার ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন দীঘিনালা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, পিএসসি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোশারফ হোসেন ও শান্তিপ্রিয় চাকমা, দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ, ৩ নম্বর কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা, ২ নম্বর বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, উপজেলা বিএনপির সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন বলেন, পাহাড়ি-বাঙালি ও বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য সুদৃঢ় করার পাশাপাশি তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। খেলাধুলা তরুণদের মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি বলেন, নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবেশ তৈরি করা সম্ভব।
টুর্নামেন্টে মোট চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে দীঘিনালার সম্প্রীতি একাদশ ও ঐক্য একাদশের মধ্যকার ম্যাচের পাশাপাশি রাঙামাটি জেলার বাঘাইছড়ি ও লংগদু উপজেলার দলগুলোর সঙ্গে দীঘিনালা উপজেলার দলের ম্যাচ অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী ম্যাচকে ঘিরে বিকেল থেকেই দীঘিনালা মিনি স্টেডিয়ামে দর্শকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। উৎসবমুখর পরিবেশে নারী ফুটবলারদের খেলা উপভোগ করেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ