1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়ির শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান এর মতবিনিময়, চাওয়া হলো শিশু পার্ক - আলোকিত খাগড়াছড়ি

খাগড়াছড়ির শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান এর মতবিনিময়, চাওয়া হলো শিশু পার্ক

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে
মো. আবদুর রউফ:
খাগড়াছড়ির শিশুদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শিশুদের বিনোদনের জন্য খাগড়াছড়িতে একটি আধুনিক শিশু পার্ক নির্মাণের দাবি জানায় এক শিশু শিক্ষার্থী। দাবির পরিপ্রেক্ষিতে শিশু পার্ক স্থাপনের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সুবিধাজনক সময়ে খাগড়াছড়ি সফরের কথাও জানান তিনি।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে জাতীয় শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে খাগড়াছড়ির শিশুদের সঙ্গে যুক্ত হন প্রধানমন্ত্রী।
খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত স্থানীয় অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি প্রান্তের অনুষ্ঠানে অতিথি ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া। জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই চৌধুরী, জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস মেহেদী, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার সহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ভার্চুয়াল মতবিনিময়ের সময় প্রধানমন্ত্রী শিশুদের বিভিন্ন কথা ও প্রত্যাশা শোনেন। এ সময় ‘শ্রাবস্তী’ নামের এক শিশু শিক্ষার্থী খাগড়াছড়িতে শিশুদের বিনোদনের পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকার বিষয়টি তুলে ধরে একটি আধুনিক মানের শিশু পার্ক নির্মাণের দাবি জানায়।
শ্রাবস্তী প্রধানমন্ত্রীকে খাগড়াছড়ির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এখানে আসার আমন্ত্রণও জানায়।
জবাবে প্রধানমন্ত্রী খাগড়াছড়িতে আধুনিক মানের একটি শিশু পার্ক স্থাপনের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে সুবিধাজনক সময়ে খাগড়াছড়ি সফরের কথাও জানান তিনি।
প্রধানমন্ত্রীর এমন আশ্বাসে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত শিশুদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। অনুষ্ঠানস্থলে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
পরে স্থানীয় আলোচনা সভায় সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া পার্বত্য অঞ্চলের শিশুদের শিক্ষা, মেধা বিকাশ, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার গুরুত্ব তুলে ধরেন।
বক্তারা বলেন, শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর সরাসরি ভার্চুয়াল মতবিনিময় তাদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি নিজেদের স্বপ্ন, প্রত্যাশা ও সমস্যার কথা তুলে ধরার সুযোগ তৈরি করেছে।
জাতীয় শিশু অধিকার দিবসের এবারের প্রতিপাদ্য ছিল- ‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’। একই সঙ্গে বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তিও উদ্‌যাপন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ