নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুল্যাতলী ইউনিয়নের দুর্গম পূর্ব মাগড়াছড়ি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের খাবার পানির সংকট নিরসনে একটি পানির ট্যাংক স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে এই পানির ট্যাংকের শুভ উদ্বোধন করা হয়। গুইমারা রিজিয়নের লক্ষ্মীছড়ি জোনের অধীনস্থ দুল্যাতলী আর্মি ক্যাম্পের উদ্যোগে এই জনকল্যাণমূলক কাজটি বাস্তবায়ন করা হয়।
দুল্যাতলী আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাহাথির মুস্তফা নাবিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ পানির ট্যাংক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্যাম্প জেসিও ওয়ারেন্ট অফিসার আলমগীর, পূর্ব মাগড়াছড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবেল বিন্দু চাকমা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে স্কুলের ১৫ জন শিক্ষার্থী ও ৩ জন শিক্ষক-শিক্ষিকাসহ পাড়ার বাসিন্দারা উপস্থিত ছিলেন।
পানির ট্যাংক উদ্বোধনের পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীদের মানসিক প্রফুল্লতা বাড়াতে নানা ধরনের খেলাধুলার আয়োজন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গম এই পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে সুপেয় পানির তীব্র সংকট ছিল। সেনাবাহিনীর এই নতুন পানির ট্যাংক স্থাপনের ফলে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের পাশাপাশি পূর্ব মাগড়াছড়ি পাড়ার প্রায় ৪০০ জন প্রান্তিক মানুষের দৈনন্দিন সুপেয় পানির নিশ্চয়তা মিলবে।
সময়োপযোগী এ উদ্যোগের জন্য স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সেনাবাহিনী সূত্র জানায়, পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করা এবং সার্বিক জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ‘সবার উপরে দেশ’-এই মূলমন্ত্রকে ধারণ করে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক মানুষের সেবায় সর্বদা নিরলসভাবে কাজ করে যাবে।