1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
দীঘিনালায় ৭ বিজিবি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - আলোকিত খাগড়াছড়ি

দীঘিনালায় ৭ বিজিবি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশিতঃ রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে
হাসান মোর্শেদ, দীঘিনালা:
খাগড়াছড়ির দীঘিনালা বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
রোববার (৭ জুন) নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক এ দিনটি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি বিজিবি সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল ইফতেখারুল আলম বেগ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিজিবি দেশের অন্যতম ঐতিহ্যবাহী ও গৌরবময় বাহিনী। সীমান্ত সুরক্ষার পাশাপাশি জাতীয় নিরাপত্তা, মানবিক সহায়তা এবং দুর্যোগ মোকাবিলায় বাহিনীটির অবদান অনস্বীকার্য। সদস্যদের নিষ্ঠা, সততা ও দেশপ্রেম বাহিনীটির সাফল্যের প্রধান ভিত্তি।”
এছাড়াও অনুষ্ঠানে বিজিবি সেক্টরের অধীনস্ত বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কবৃন্দ, খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মুরতোজা আলী খান, দীঘিনালা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল আমিন, দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানজিল পারভেজ, দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ৭ বিজিবি’র ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহমেদ ইবনে রিয়াজ।
অনুষ্ঠানের শুরুতে দেশ, জাতি এবং বর্ডার গার্ড বাংলাদেশের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে প্রধান অতিথি, সভাপতি ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
সভাপতির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল ইসতিয়াক আহমেদ ইবনে রিয়াজ বলেন, “দীর্ঘ ৬৮ বছরের গৌরবোজ্জ্বল পথচলায় বিজিবি দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান ও মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও দেশ ও জনগণের স্বার্থে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।”
অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত অতিথিরা ৭ বিজিবি’র দীর্ঘ পথচলার সাফল্য স্মরণ করেন এবং বাহিনীটির উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ