নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টায় খাগড়াছড়ি জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে ৪ মহিয়সী নারীর মাঝে সম্মাননা এবং ক্রেস্ট প্রদান করা হয়।
খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান এর সভাপতিত্বে এবং জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুষ্মিতা খীসার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুনায়েদ কবির সোহাগ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, উপজেলা নির্বাহী অফিসার নাইমা ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ‘উপ-মহাদেশে নারী অধিকার প্রতিষ্ঠার অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন নারীদের লেখাপড়া শিখে দেশ ও সমাজে নেতৃত্ব দেয়ার অনুপ্রেরনা দেন। সমাজের অর্ধেকেরও বেশী নারীকে পিছিয়ে রেখে দেশ এগিয়ে যেতে পারে না বলে বর্তমান সরকার নারীদের উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহন করেছেন। বর্তমানে পুরুষের পাশাপাশি নারীরা সকল সেক্টরে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। আজ অনুষ্ঠানে জেলার সফল ৪ জন নারীকে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য জয়ীতা হিসেবে সন্মাননা স্মারক ও ক্রেষ্ট প্রদান করা হয়েছে।’
সম্মাননা স্মারক এবং সনদ পাওয়া জয়িতারা হলেন, সফল জননী নারী ইন্দ্রিরা চাকমা, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী মিতা চাকমা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা জামেনা বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী রাঙ্গাবী চাকমা।
এসময় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে চেক এবং সেলাই মেশিন বিতরন করেন অতিথিবৃন্দ।