1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষ্যে দীঘিনালায় বিজিবির উদ্যোগে সচেতনতামূলক সভা - আলোকিত খাগড়াছড়ি

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষ্যে দীঘিনালায় বিজিবির উদ্যোগে সচেতনতামূলক সভা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২৯২ বার পড়া হয়েছে
হাসান মোর্শেদ, দীঘিনালা:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বড়াদম উচ্চ বিদ্যালয় মাঠে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫ উপলক্ষে এক সচেতনতামূলক সভার আয়োজন করে বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)।
বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত এ সভায় প্রায় তিন শতাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন। এ সময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুছড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম রেজাউর রহমান, পিএসসি, সিগন্যালস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত কুমার সাহা, দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকারিয়া, বাবুছড়া ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোঃ হুমায়ুন কবির ও মোঃ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান নব কমল চাকমা, ৪নং দীঘিনালা ইউনিয়নের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, ৫নং বাবুছড়া ইউনিয়নের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা এবং বড়াদম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয় চন্দ্র চাকমা সহ সভায় স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বক্তারা মাদকের অপব্যবহার, এর পারিবারিক ও সামাজিক ক্ষতিকর প্রভাব এবং সীমান্তবর্তী এলাকায় মাদকের অবৈধ প্রবাহ রোধে জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন।
প্রধান অতিথি লেফটেন্যান্ট কর্নেল এসএম রেজাউর রহমান বলেন, “মাদক একটি জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। তাই এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিজিবি সীমান্তে যেমন সতর্ক, তেমনি সমাজেও সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।”
বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব অমিত কুমার সাহা বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে হলে শুধুমাত্র আইন-শৃঙ্খলা রক্ষা নয়, সর্বস্তরে সচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। সরকারি-বেসরকারি সংগঠন, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানকে একসঙ্গে কাজ করতে হবে যেন আমাদের তরুণ প্রজন্ম নিরাপদ থাকে এবং দেশের ভবিষ্যৎ নির্মাণে ভূমিকা রাখতে পারে।”
উল্লেখ্য, প্রতি বছরের মতো এবারও ৭ বিজিবি আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করেছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ