হাসান মোর্শেদ, দীঘিনালা:
খাগড়াছড়ি দীঘিনালার উত্তর রশিক নগর গ্রামে কালবৈশাখী ঝড়ে জাহানারা বেগমের বসতঘর সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় মঙ্গলবার সন্ধ্যার দিকে আকস্মিকভাবে বয়ে যাওয়া ঝড়ের তীব্রতায় ঘরটি ভেঙে চুরমার হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঝড়ের সময় প্রবল দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আঘাতে জাহানারা বেগমের টিনশেড ঘরের ছাউনি হেলে যায় এবং দেয়াল ভেঙে পড়ে। এতে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়।
ক্ষতিগ্রস্ত জাহানারা বেগম জানান, হঠাৎ করে ঝড় শুরু হলে তিনি কোনো কিছুই রক্ষা করতে পারেননি। বর্তমানে তিনি খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।
স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী জানান, ক্ষতিগ্রস্ত পরিবারটিকে জরুরি সহায়তা প্রদান প্রয়োজন। তারা প্রশাসনের কাছে দ্রুত ত্রাণ ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।