খাগড়াছড়িতে পাহাড় কাটার অভিযোগে ২ লাখ টাকা জরিমানা
প্রকাশিতঃ
শনিবার, ৬ মে, ২০২৩
৮৫
বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়িতে অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে মো. নুরুল ইসলাম নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৬ মে) বিকেলে খাগড়াছড়ি পৌরসভার ৬নং ওয়ার্ডের শালবন মোহাম্মদপুর এলাকায় খাগড়াছড়ি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)- সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. এরফান উদ্দিন ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করেন। জরিমানাকৃত মো. নুরুল ইসলাম ৬নং পৌর ওয়ার্ডের শালবন এলাকার বাসিন্দা।
খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)- সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. এরফান উদ্দিন জানান, ‘জরিমানাকৃত ব্যক্তি খাগড়াছড়ি পৌরসভার শালবাগান এলাকায় অবৈধভাবে পাহাড় কাটছে এমন খবর পেয়ে শনিবার বিকেলে সেখানে মোবাইলকোর্ট পরিচালনা করা হয়। এসময় তাকে পাহাড় কাটার দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’