1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
রাত পোহালেই ভোট, ভোটগ্রহণে প্রস্তুত খাগড়াছড়ির সকল কেন্দ্র - আলোকিত খাগড়াছড়ি

রাত পোহালেই ভোট, ভোটগ্রহণে প্রস্তুত খাগড়াছড়ির সকল কেন্দ্র

  • প্রকাশিতঃ শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ৯৯ বার পড়া হয়েছে
মো. আবদুর রউফ:
রাত পোহালেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের জন্য সারাদেশের ন্যায় প্রস্তুত রয়েছে ২৯৮ নং আসনের পার্বত্য খাগড়াছড়ির ১৯৬টি ভোটকেন্দ্র। এরই মধ্যে এসব কেন্দ্রের নিরাপত্তায় পুলিশ-আনসার মোতায়েন করা হয়েছে। নিয়মিত টহল দিচ্ছে সেনাবাহিনী, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভ্রাম্যমাণ আদালতে নিয়োগকৃত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
আইনশৃঙ্খলা রক্ষায় খাগড়াছড়িতে ইতোমধ্যে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ বিভিন্ন বাহিনীর ৪,৫৭৩ জন সদস্য মোতায়েন করা হয়েছে।
খাগড়াছড়ির ১৯৬ টি কেন্দ্রের মধ্যে ৯৮টি দুর্গম কেন্দ্রে আজ যাচ্ছে ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম। বাকি ৯৮টি কেন্দ্রে ব্যালট পেপার যাবে নির্বাচনের দিন ভোরে। তবে প্রিজাইডিং অফিসারসহ সব নির্বাচনী মালামাল, ভোটগ্রহণ কর্মকর্তা ও নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ ভোটকেন্দ্রে পৌঁছবেন আজ।
খাগড়াছড়ির দুর্গম ৩ কেন্দ্রে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। এছাড়াও রাঙামাটি ও বান্দরবানের দুর্গম এলাকা হিসেবে চিহ্নিত ভোটকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় জনবল ও ভোটের সামগ্রী পৌঁছে দিতে বিমান বাহিনী হেলিকপ্টার দিয়ে সহযোগিতা করছে। এরই মধ্যে রাঙামাটির ১৮টি দুর্গম ভোটকেন্দ্রে হেলিকপ্টারে করে সরঞ্জাম ও লোকবল পাঠানো হয়েছে।
দেশজুড়ে এখন নির্বাচনী আমেজ। খাগড়াছড়ির ১টি আসনে ১৯৬টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে ভোটগ্রহণের জন্য। ভোটারের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি শান্তিপূর্ণ পরিবেশ রাখতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। চিহ্নিত গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে নির্বাচনে জনগণের ভোটাধিকার নির্বিঘ্ন করতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। কমিশনের দেওয়া নির্দেশনা অনুযায়ী ভোটাররা বাড়ি থেকে বের হওয়া থেকে শুরু করে ভোট দিয়ে বাড়ি ফেরা পর্যন্ত নিরাপত্তা বলয় প্রস্তুত রয়েছে।
খাগড়াছড়ি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, ‘আগামী ৭ জানুয়ারি নির্বাচনের দিন ভোটাররা যেন নিরাপদে, নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সেজন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্গমতার কথা বিবেচনা করে ৩টি কেন্দ্রে নির্বাচনী কাজে হেলিকপ্টার ব্যবহার করা হবে। আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র‍্যাব সহ সকল বাহিনীই নির্বাচনী দায়িত্ব পালন করবেন। প্রতিটি উপজেলায় কেন্দ্রভিত্তিক ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন। খাগড়াছড়িতে আমরা একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে চাই।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ