1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
রামগড়ে বালু উত্তোলন বন্ধে অভিযানে হামলা, ইউএনওসহ আহত ১১ - আলোকিত খাগড়াছড়ি

রামগড়ে বালু উত্তোলন বন্ধে অভিযানে হামলা, ইউএনওসহ আহত ১১

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান চলাকালে স্থানীয় প্রশাসন, বালু উত্তোলনকারী ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীমসহ উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১২ মে) দুপুর আড়াইটার দিকে রামগড় উপজেলার পূর্ব বলিপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন- ইউএনও কাজী শামীম, সহকারী প্রশাসনিক কর্মকর্তা আব্দুল ওহাব, আনসার সদস্য নুর মোহাম্মদ ও মো. সালাউদ্দিন, উপজেলা অফিসের গাড়িচালক হোসেন, অফিস সহকারী জয়নাল আবেদিন এবং স্থানীয় গ্রামবাসী মো. আজাদ, সুমন, নূর হোসেন ও আবুল হাসেম।

জানা গেছে, পূর্ব বলিপাড়ার কয়েকটি স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনকারীরা দ্রুত পাম্প সরিয়ে নেয়। এ সময় প্রশাসন সেচ পাম্প ও সরবরাহ পাইপ কেটে দিলে বালু কারবারিদের উস্কানিতে একদল স্থানীয় ব্যক্তি ভ্রাম্যমাণ আদালতের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে হামলা চালায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাবার বুলেট নিক্ষেপ করলে তিনজন গ্রামবাসী আহত হন।
এ বিষয়ে ইউএনও কাজী শামীম জানান, পূর্ব বলিপাড়ার প্রায় ১০টি স্পটে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল, যেখানে প্রতিটি গর্তের গভীরতা ছিল প্রায় ৩০ ফুট। অভিযোগ পেয়ে তারা মোবাইল কোর্ট পরিচালনা করতে গেলে ১০০-১৫০ জনের একটি দল তাদের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে প্রশাসনের সদস্যরা প্রায় আধা কিলোমিটার পিছু হটেন। পরবর্তীতে সড়কে ব্যারিকেড দিয়ে আবারও হামলা চালানো হয়, এতে তিনিসহ ১১ জন আহত হন।

খাগড়াছড়ির জেলা প্রশাসক আনোয়ার সাদাত বলেন, অবৈধ বালু উত্তোলনের অভিযোগে পরিচালিত অভিযানে ইউএনওসহ প্রশাসনের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত পুলিশ সুপার অবস্থান করছেন। পরিস্থিতি পর্যালোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ