নিজস্ব প্রতিনিধি:
রাঙ্গামাটির বাঘাইছড়িতে সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর এক সফল অভিযানে ১টি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড তাজা গুলি এবং বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাতে উপজেলার মারিশ্যা ব্যাটালিয়নের (২৭ বিজিবি) আওতাধীন সীমান্তবর্তী মাঝিপাড়া ১৬ কিলোমিটার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে যে সীমান্ত সড়কের মাঝিপাড়া এলাকা দিয়ে ইয়াবা ও বিদেশি সিগারেটের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে। খবর পেয়ে মারিশ্যা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদের নেতৃত্বে সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানসহ বিজিবির একটি বিশেষ আভিযানিক দল ওই এলাকায় কৌশলগত অবস্থান নেয়।
রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটের দিকে দুইজন অজ্ঞাত ব্যক্তিকে হাতে ব্যাগ নিয়ে সীমান্ত এলাকা দিয়ে প্রবেশ করতে দেখে বিজিবি টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা হাতের ব্যাগ ফেলে রেখে রাতের আঁধারে গহীন পাহাড়ি জঙ্গলে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল ও আশপাশে বিস্তৃত তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১টি ৭.৬২ মি.মি. বিদেশি (চায়না) পিস্তল, ৭ রাউন্ড তাজা গুলি এবং ১০ কার্টুন বিদেশি ‘Patron’ ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মারিশ্যা জোনের (২৭ বিজিবি) জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ জানান, চোরাকারবারীরা সীমান্ত দিয়ে অবৈধ মালামাল ও অস্ত্র সরবরাহে নিত্যনতুন কৌশল ব্যবহার করছে। তবে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে তা প্রতিহত করে যাচ্ছে। সীমান্ত সুরক্ষা এবং অপরাধ দমনে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও অবৈধ সিগারেট ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।